We Believe JesusFé, Esperança e Nova Vida

যিহিষ্কেল 11

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · bengali

← যিহিষ্কেল 10 যিহিষ্কেল যিহিষ্কেল 12 →

1তারপর ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিয়ে সদাপ্রভুর গৃহের পূর্বদিকের দ্বারের কাছে আনলেন। সেখানে দ্বারে ঢুকবার জায়গায় পঁচিশজন পুরুষ ছিল আর তাদের মধ্যে লোকদের নেতা অসূরের ছেলে যাসনিয় ও বনায়ের ছেলে প্লটিয়কে দেখলাম।

2সদাপ্রভু আমাকে বললেন, “হে মানবসন্তান, এরাই সেই লোক যারা এই নগরের মধ্যে মন্দ পরিকল্পনা এবং খারাপ পরামর্শ দিচ্ছে।

3তারা বলছে, ‘ঘরবাড়ি তৈরি করবার সময় কি হয়নি? এই নগরটি যেন রান্নার হাঁড়ি আর আমরা হচ্ছি মাংস।’

4অতএব হে মানবসন্তান, ভাববাণী বলো; সুতরাং এদের বিরুদ্ধে ভাববাণী বলো।”

5তারপর সদাপ্রভুর আত্মা আমার উপরে আসলেন, আর তিনি আমাকে বলতে বললেন, “সদাপ্রভুর এই কথা বলেন, তোমরা এই কথা বলছ, তোমরা ইস্রায়েলের নেতারা, কিন্তু আমি জানি তোমাদের মনে কি আছে।

6তোমরা এই নগরে অনেক লোককে মেরে ফেলেছ এবং মরা মানুষ দিয়ে রাস্তাগুলি ভরেছ।

7“সেইজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের যে মরা লোকদের তোমরা নগরে ফেলেছ সেগুলিই মাংস এবং এই নগরটি হাঁড়ি, কিন্তু সেখান থেকে তোমাদের তাড়িয়ে দেব।

8সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন; তোমরা তরোয়ালকে ভয় করো, আর আমি তোমাদের বিরুদ্ধে তরোয়ালই আনব।

9আমি নগর থেকে তোমাদের তাড়িয়ে বের করে বিদেশিদের হাতে তুলে দেব এবং তোমাদের শাস্তি দেব।

10তোমরা তরোয়াল দ্বারা মারা পড়বে, আর ইস্রায়েলের সীমানায় আমি তোমাদের বিচার করব। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।

11এই নগর তোমাদের জন্য হাঁড়ি হবে না, আর তোমরা তার মধ্যেকার মাংস হবে না; ইস্রায়েলের সীমানায় আমি তোমাদের বিচার করব।

12আর তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু, কারণ তোমরা আমার নিয়ম ও শাসন পালন করোনি বরং তোমাদের চারপাশের জাতিদের অনুরূপ হয়েছ।”

13এখন আমি যখন ভাববাণী বলছিলাম, বনায়ের ছেলে প্লটিয় মারা গেল। আমি তখন উবুড় হয়ে পড়ে উঁচু স্বরে কেঁদে কেঁদে বললাম, “হায়, সার্বভৌম সদাপ্রভু! তুমি কি ইস্রায়েলের বাকি লোকদের সবাইকে শেষ করে দেবে?”

14সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশ পেল,

15“হে মানবসন্তান, জেরুশালেমের লোকেরা তোমার নির্বাসিত ভাইদের এবং অন্যান্য ইস্রায়েলীদের সম্বন্ধে বলছে, ‘তারা সদাপ্রভু থেকে অনেক দূরে চলে গেছে; এই দেশ তো আমাদের অধিকারের জন্য দেওয়া হয়েছে।’

16“সুতরাং বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যদিও আমি তাদের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছি, তবুও কিছু সময়ের জন্য সেই সমস্ত দেশে আমি তাদের পবিত্রস্থান হয়েছি।’

17“সুতরাং বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন আমি যদিও তোমাদের অন্যান্য জাতিগণের মধ্যে ছড়িয়ে দিয়েছি, আমি সেখান থেকে তোমাদের ফিরিয়ে নিয়ে আসব, আর আবার আমি তোমাদের ইস্রায়েল দেশ ফিরিয়ে দেব।’

18“তারা সেখানে ফিরে গিয়ে সব জঘন্য মূর্তি ও ঘৃণ্য প্রতিমাগুলি দূর করে দেবে।

19আমি তাদের একই হৃদয় দেব ও সেখানে এক নতুন আত্মা স্থাপন করব; আমি তাদের মধ্যে থেকে কঠিন হৃদয় সরিয়ে এক মাংসময় হৃদয় দেব।

20তখন তারা আমার নিয়ম সকল অনুসরণ করবে এবং আমার শাসন পালন করতে যত্নবান হবে। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব।

21কিন্তু যাদের হৃদয় জঘন্য মূর্তি ও ঘৃণ্য প্রতিমার প্রতি অনুগত, তাদের কাজের ফল আমি তাদেরই মাথায় ঢেলে দেব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।”

22এরপর করূবেরা তাদের ডানা মেলে দিলেন, তাদের পাশে সেই চাকাগুলি ছিল, আর ইস্রায়েলের ঈশ্বরের মহিমা তাদের উপরে ছিলেন।

23সদাপ্রভুর মহিমা নগরের মধ্য থেকে উঠে তার পূর্বদিকের পাহাড়ের উপরে গিয়ে থামল।

24ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিলেন এবং তাঁর দেওয়া দর্শনের মধ্য দিয়ে আবার ব্যাবিলনে নির্বাসিতদের কাছে নিয়ে গেলেন।

25আর সদাপ্রভু আমাকে যে সকল বিষয় দেখিয়েছিলেন, সে সমস্তই আমি নির্বাসিত লোকদের বললাম।

← যিহিষ্কেল 10 যিহিষ্কেল যিহিষ্কেল 12 →